সুপ্রিয় পাঠক,
আস্সালামু আ’লাইকুম ওয়া রাহ্মাতুল্লাহ।
মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আমাদের জীবনের অনেকগুলো বছর পার করিয়ে নতুন একটি হিজরী বছর তথা হিজরী ১৪৩০ সালে পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ! সুস্বাগতম ১৪৩০ হিজরী।
প্রিয় বন্ধু, এভাবেই একের পর এক আমাদের কাছ থেকে একেকটি ব্যস্ত থেকে ব্যস্ততম বছর চলে গেছে এবং চলে যেতে থাকবে। আর একই ভাবে আমরা অচিরেই আমাদের প্রিয় তথাকথিত ‘বিশাল’ জীবনকালের একেবারে শেষ বিন্দুতে পৌঁছে যাবো। প্রচন্ড অনিচ্ছা আর অনীহা সত্যেও অনিবার্যভাবে ছেড়ে যেতে হবে আমাদের এই মোহময় স্বপ্নমাখা পৃথিবী। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি আমাদের জীবনের খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করতে পেরেছি?
প্রিয় সুজন, আমাদের সেই অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি হলো, আমাদের পালনকর্তা মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমাদের জীবন-বিধান মহাগ্রন্থ আল-কুরআনের বিষয়বস্তু সম্পর্কে জানা, তা পাঠ করা এবং মেনে চলা। এ লক্ষ্যে বেশী বেশী কুরআন তিলাওয়াতের পাশাপাশি জীবনে অন্ততঃ একবার আমাদের মায়ের ভাষায় তথা বাংলায় অধ্যয়ন করে তার সাদা-মাটা সারমর্ম সহজভাবে বুঝার চেষ্টা করা অপরিহার্য। তাই হিজরী নববর্ষ ১৪৩০-এর এই সন্ধিক্ষণে ১ মহররম (৩০ ডিসেম্বর ২০০৮) থেকে আমরা পবিত্র কুরআনকে সহজ সাবলীল বাংলায় জানার একটি ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি।
প্রতিদিন সকালে আপনার ই-মেইলে পৌঁছে যাবে বাংলা ও ইংরেজী মর্মার্থসহ আল-কুরআনের পবিত্র আয়াতসমূহ। আয়াতের বিষয় ও কলেবর অনুযায়ী তা এক বা একাধিক হতে পারে। তবে তা অবশ্যই সংক্ষিপ্ত ও স্বস্তিদায়ক হবে ইন্শাল্লাহ।
বঙ্গানুবাদ ও মর্মার্থের ক্ষেত্রে বিশ্বনন্দিত ও সুখ্যাত তাফসীরসমুহের অনুকরণ করা হবে। অনুসরণীয় তাফসীরসমূহ হচ্ছে তাফহীমুল কুরআন, মা’রেফুল কুরআন, ফী যিলালিল কুরআন, তাফসীর ইবনে কাসীর, The Noble Quran, The Glorious Quran, ইত্যাদি।
তো, চলুন আমাদের প্রতিটি দিন শুরু হোক আল-কুরআনের পবিত্র ও বরকতময় বাণী দিয়ে।
আসুন, আমরা জানি মানার জন্যে, কথা দেই রাখার জন্যে, মানুষকে ভালবাসি মহান আল্লাহর জন্যে আর জীবনকে গড়ে তুলি শুধু তাঁরই সন্তুষ্টি ও ক্ষমা লাভের আশায়। আপনার প্রিয়জনদের কাছেও এটি মেইল করে দিতে পারেন অথবা মেম্বার হবার আহবান জানাতে পারেন।
আল-কুরআন প্রতিদিন গ্রুপের পরিচয়:
প্রতিদিন ই-মেইলের মাধমে মায়ের ভাষা বাংলায় পবিত্র কুরআনের মর্মার্থ জানার প্রচেষ্টা।
বুধবার, ২০ মে, ২০০৯
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
